উত্তরকোণ

সারিয়াকান্দিতে প্রভাবশালী আওয়ামী পরিবারের হামলা ও লুটপাটের আশ্রয়হীন একটি হিন্দু পরিবার

সারিয়াকান্দিতে প্রভাবশালী আওয়ামী পরিবারের হামলা ও লুটপাটের আশ্রয়হীন একটি হিন্দু পরিবার
বগুড়ার সারিয়াকান্দিতে প্রভাবশালী আওয়ামী পরিবারের হামলা ও লুটপাটের ঘটনায় পৈত্রিক ভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে একটি হিন্দু পরিবার। ঘরবাড়ি ধ্বংস করে পরিবারটিকে উচ্ছেদ ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আব্দুল হামিদ সরদার, তার ছেলে নাহিদ হাসান ও আত্মীয়দের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্রী অরুণ কুমার সাহা জানান, রাতের আঁধারে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয় তাদের বাড়িতে। এ সময় মূল্যবান মালামাল লুট করে বসতভিটা সমতল করে দেয়া হয়। উচ্ছেদের পর থেকে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে। অরুণ সাহার আরো জানান, “আমার দাদু যদু সাহার পৈত্রিক জমিতে আমরা ৮০ বছর ধরে বসবাস করছি। নদীগর্ভে বিলীন হয়ে জমি নতুন করে জেগে উঠলে আবার ঘরবাড়ি নির্মাণ করি। কিন্তু চলমান জরিপে ভুলক্রমে জমিটি জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়াকে কেন্দ্র করে প্রভাবশালীরা দখলের পাঁয়তারা শুরু করে।” তিনি অভিযোগ করেন, থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। বরং দখলচেষ্টার বিরোধে নাহিদ ইসলাম আদালতে মামলা করেন এবং অরুণ সাহা নিষেধাজ্ঞা পেলে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখন ওই জায়গায় পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। হিন্দুকান্দী মৌজার সাবেক দাগ ৫০৫ এর ২৪ শতক নালিশি জমি নিয়েই বিরোধ চলছে বলে জানান তিনি। অভিযুক্ত নাহিদ হাসান বলেন, “জমি নিয়ে বিরোধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত হবে।” এ প্রসঙ্গে সারিয়াকান্দী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামরুল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়দের দাবি, সংখ্যালঘু পরিবার হওয়ায় তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। দ্রুত তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন এলাকাবাসী।

শেয়ার: