শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে কতিপয় সারডিলারের বিরুদ্ধে অধিক মুনাফার আশায় সময় মত সার উত্তোলন না করে নন ইউরিয়া সার যেমন ডিএপি(ড্যাপ), টিএসপি ও এমওপি সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। ফলে আলু ও ভুট্টাচাষিরা বিপাকে পড়েছেন। তারা এসব সারের জন্য ডিলারের দোকানে দোকানে ছুটাছুটি করছেন। তবে শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন সারের কোন সংকট নেই। নভেম্বর মাসে ৩৪ জন ডিলারের মাধ্যমে ৪০৫ মেঃটন ডিএপি, ৬৭৭ মেঃটন পটাশ ও ৪৮ মেঃটন টিএসপি সারের বরাদ্দ দেয়া হয়েছে। যে সকল ডিলার নভেম্বর মাসের ননইউরিয়া সার উত্তোলন করেন নাই তাদের অতিদ্রুত সার উত্তোলন করে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, এখন আলু ও ভুট্টা ফসল রোপনের সময় চলছে। তারা এখন জমি প্রস্তুত করতে ব্যাস্ত। কিন্তু চাহিদা মত সার কিনতে না পারায় তারা বিপাকে পড়েছেন। শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘সরকারি দামে সার পাওয়া যাচ্ছে না। ডিলাররা বলে সাপ্লাই নেই, অথচ বাজারে সার পাওয়া যায়, তবে দাম অনেক বেশি। এভাবে চলতে থাকলে চাষাবাদ কিভাবে করবো।’ খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বস্তা ড্যাপ(ডিএপি) সার বিক্রি হওয়ার কথা ১ হাজার ৫০ টাকা। কিন্তু কৃষকদের এখন প্রতি বস্তা ১ হাজার ৬৫০ থেকে ১হাজার ৭০০ টাকায় কিনতে হচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে মিলছেনা নন ইউরিয়া এসকল সার। শালফা গ্রামের কৃষক মো. মামুন জানান, ‘আমি গত সপ্তাহে ১ হাজার ,৩০০ টাকা দিয়ে কিছু সার কিনেছি। এখন আরও ৪ বিঘা জমি প্রস্তুত, কিন্তু সার না থাকায় ভুট্টা বপন করা সম্ভব হচ্ছে না। যে সার পাওয়া যাচ্ছে তার দাম ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এমন সংকট আগে কখনো দেখিনি।’ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ডিলাররা জানান, ‘নতুন সার এখনও আমাদের কাছে আসেনি। খুব দ্রুত সরবরাহ শুরু হবে।’ তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, কিছু ব্যবসায়ী বিভিন্ন মাধ্যমে সার সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, ডিলারদের মাধ্যমে কৃষকের মাঝে সরকারি মূল্যে সার বিতরণ করার জন্য প্রত্যেক ডিলারের দোকানে স্বস্ব ইউনিয়নের উপ-সহকারী কৃষিকর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে বাজার মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হবে হবে বলে তিনি জানিয়েছেন।
উত্তরকোণ
বগুড়ার শেরপুরে নন ইউরিয়া সারের সংকট বাড়তি টাকায় বিক্রির অভিযোগ

