মহাস্থান (বগুড়া) থেকেঃ শমসের নূর খোকনঃ বগুড়ার মহাস্থান সহ আশপাশের হাটবাজারে পেঁয়াজের দামে আগুন লেগেছে। পিয়াজের এই ঝাঁঝ ক্রেতাদের অসহ্য। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৬০ থেকে ৬৫ টাকা। সরেজমিনে মহাস্থান, মোকামতলা, শিবগঞ্জ ও বগুড়া শহরের রাজাবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের পাশাপাশি অন্যান্য কাঁচা তরি-তরকারির দামও বেড়েছে। ফলে বাজারে গিয়ে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে ক্রেতারা ব্যবসায়ীদের এই দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, বাজারে শত শত বস্তা পেঁয়াজ মজুত থাকতে দেখা গেছে, অথচ দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ক্রেতাদের প্রশ্ন, যখন পণ্য মজুত আছে, তখন হঠাৎ করে দাম বাড়ল কেন?
বাজার সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, সিন্ডিকেট সক্রিয় হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তাদের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে পেঁয়াজের দাম ৪০ শতাংশ বেড়েছে, যা এক মাসের হিসেবে ৪৩.৮৭ শতাংশ বৃদ্ধি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদেরও বাধ্য হয়ে খুচরা দামে বৃদ্ধি করতে হচ্ছে। তবে পাইকারদের অভিযোগ, আড়ৎ থেকে পেঁয়াজ কিনতেই বেশি দাম গুনতে হচ্ছে। তাদের দাবি, কিছু আড়ৎদার মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করছেন। এদিকে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বিক্রেতারা দায় এড়িয়ে চলছেন। বাজারে নতুন করে সিন্ডিকেটের সক্রিয়তা শুরু হয়েছে বলে তাদের অভিযোগ। বাজার পর্যবেক্ষক ও সচেতন মহল মনে করছেন, সরবরাহ কিছুটা কমলেও দামের এমন অস্বাভাবিক বৃদ্ধি যৌক্তিক। বাজারে কার্যকর মনিটরিং না থাকায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তারা মনে করেন, সরকারি পর্যায়ে দ্রুত মনিটরিং ও বাজার তদারকি জোরদার না করলে পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আরও অস্থিতিশীল হয়ে পড়বে।
উত্তরকোণ
বগুড়ার মহাস্থান ও শহরের পেঁয়াজের ঝাঁঝ চরমে

