বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি। জানা গেছে, চলতি বছরের জুনে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি। এরপর চলতি মাসে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি পেয়েছে দলটি। তারা জাপান থেকে এই গাড়ি দুটি কিনবে বলে আলোচনা চলছে বলেও জানা গেছে। বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।
উল্লেখ্য, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার আবেদন করেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয়। এ ছাড়া বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছে। দলটি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে, যা এখনো বিবেচনাধীন। পুলিশের বিশেষ শাখা (এসবি) তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে।