বগুড়ার সোনাতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বগুড়ার সোনাতলায় পঞ্চায়েত বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ বিভিন্ন মসজিদের আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন। এছাড়া তিনি সোনাতলায় পঞ্চায়েত বাড়িতে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মহেষপাড়া জামে মসজিদ, দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দিগদাইড় পেছনপাড়া জামে মসজিদ, বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি জামে মসজিদ এবং পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নে সিমেন্ট এবং আর্থিক সহায়তা এবং জোড়গাছা ইউনিয়নের ভেলুর পাড়া বাঙালী হাটের বাঙালী নদীর ওপর চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরীর কাজে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

