শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর হিসেবে আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর ২০২৫ সালের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল। যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। তিনি বলেন, যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর। তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এটি আবার শুরু করছি।’