বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন দলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হওয়ার কথা। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। সরেজমিন দেখা যায়, সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসছেন নেতা-কর্মীরা। তাঁরা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি–শার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছেন। তাঁরা নানা দলীয় স্লোগান দিচ্ছেন। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজকেরা বলছেন, তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।