সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫- এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এ অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ‘দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’- এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়েছে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের সভায় সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিক-নির্দেশনাও দেয়া হয়েছে।