বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আদালতে তুরিনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে রিমান্ডের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ ওমর ফারুক ফারুকী। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর উত্তরা পশ্চিম থানায় এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে। আমরা তাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। গত ২৭ মার্চ ওই মামলাটি রজু হয়। ওই মামলাটিতে হত্যার উদ্দেশে আব্দুল জব্বার (২১) নামের এক ছাত্রকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করার অভিযোগ আনা হয়। হামলার পরিকল্পনায় ছিলেন তুরিন আফরোজ।