উত্তরকোণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনের নাগরিকদের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বগুড়া। সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী ফিলিস্তিনের নাগরিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে দিনভর বগুড়ার সাতমাথা দখলে ছিল শান্তিকামী ছাত্র-জনতার। এর সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষও। হাতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘গাজার শিশু হত্যা বন্ধ করো’, ‘ইসরাইলি সন্ত্রাসের শেষ চাই’, ‘ফিলিস্তিনি মুক্তির সংগ্রামে আমরা আছি তোমাদের পাশে’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকর্ড প্রদর্শন করে ফিলিডস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে বগুড়া শহরের সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, গাজার মা-বোনদের কান্না আজ বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াব। তাদের প্রতি সংহতি জানিয়ে দুপুর পর্যন্ত অনেক দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। অফিস-আদালতের কার্যক্রমও চলে ঢিলেঢালাভাবে। সকালে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বগুড়া শহরের সাতমাথায় জমায়েত হতে শুরু করেন। এতে যোগ দেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় ইসরায়েল দখলদার বাহিনীর হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে নানা স্লোগান দিতে থাকেন তারা। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার: