অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কারের নামে জনগণের সাথে টালবাহানা করা যাবে না। সংস্কারের নামে লুকোচুরি বন্ধ করতে হবে।’এসময় তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিপ্লব অর্জন করেছি, গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করেছি সেটা নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে।’ শনিবার (২৯ মার্চ ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে ঈদসামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী আরো বলেন, ‘আওয়ামী লীগ হলো পালানোর দল, স্বৈরাচারী শেখ হাসিনা তিনবার দেশের মানুষের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। দেশের বাইরে থেকেও দেশকে ধ্বংসের যড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’ দ্রুত নির্বাচনের দাবি জনিয়ে রিজভী বলেন, ‘দেশের গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতা মিলে স্বৈরাচারীকে বিদায় করেছে মানুষ যেন কথা বলার অধিকার পায়, ভোটের অধিকার পায়। কিন্তু আমরা লক্ষ্য করছি স্বৈরাচারী সরকারের মতোই ভোট থেকে জনগণকে দূরে রাখা হচ্ছে। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যেটা নির্বাচিত সরকার সংসদে বসে সংস্কার করতে পারবে।’ সিরাজগঞ্জ, বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে সাত হাজার জনকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি এবং এক হাজার পরিবারকে লাচ্ছা সেমাই, চিনি, তৈল, চাল, খেজুর, ডাল, দুধসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও বিগত আন্দোলন সংগ্রামে জুলাই আগস্ট বিপ্লবে আটজন শহীদ পরিবার ও ৫০ জন আহত পরিবারের মাঝে নগদ অর্থ এবং স্থানীয় আলেম ওলামাদের পোশাক বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়। সিরাজগঞ্জ-৫ বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনের ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ঈদসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মন্ডল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুর হোসেন, বেলকুচি উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম কমিশনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহসান, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।