ভোট মানুষের অধিকার, যেকোন মূল্যে এ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে যেকোন মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “গণতন্ত্রের ভিত্তিতে আমরা আমদের দলকে পরিচালিত করব। কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন এটি আমার কোনো আইডিয়া না, এটি বিএনপির গঠনতন্ত্রের নিয়ম। এটি গঠনতন্ত্রের মধ্যে উল্লেখ করা আছে। কিভাবে আমরা দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পরিচালিত করবো।” তিনি আরও বলেন, “আমরা ধারাবাহিক ভাবে ঐ মানুষগুলোকে খুঁজে বের করব যারা জনগণের সমস্যার কথা বলবে, অধিকারের কথা বলবে। বর্তমানে পুরোপুরি ভাবে সফল না হতে পারলেও এই গণতন্ত্রের পথ ধরে থাকলে আমরা কিছুদিন পরে ঠিকই সফল হবো।” উদাহরণ স্বরূপ তিনি বলেন , “পানি ফিল্টার যেমন কয়েকটি স্তর থাকে। প্রথম বা দ্বিতীয় স্তরেই যেমন পানি পুরোপুরি পরিষ্কার হয় না। তেমনি গণতন্ত্র আমাদের প্রাকটিস করতে হবে। আমরা কয়েকটি স্তর পরে একসময় সফল হবই।” তারেক রহমান বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ নির্যাতিত হয়েছে। গত জুলাই-আগষ্টে কিভাবে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আমাদের যে কোনো মূল্যে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আমরা সর্বনাশের খাদের কিনারা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবো।” তিনি বলেন, “বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন- হাসিনা সব ধ্বংস করে পালিয়ে যাবে এবং তা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা লুটপাট করে সব ধ্বংস করে পালিয়ে গেছে।” এখন আমাদের অযাচিত নিজেদের মধ্যে প্রতিযোগিতা না বাড়িয়ে; শিক্ষা, স্বাস্থ্য ,দ্রব্য মূল্যের উর্ধগতির দিকে নজর দিতে হবে। আমাদের স্বাস্থ্য উন্নয়নে নজর দিতে হবে।আমাদের লক্ষ্য অনেক বড়, অনেক কাজ করতে হবে। আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা যুক্তরাজ্যের আদলে গড়ে তুলতে চাই। সে জন্য আমাদের সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে।” সম্মেলনে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সম্মেলনের উদ্বোধক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এ সময় নেতাকর্মীরাও হাত উঠিয়ে ধানের শীষে ভোটের প্রতিশ্রুতি দেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হয়। খণ্ড খণ্ড মিছিল সহকারে রঙ-বেরঙয়ের ক্যাপ-টি শার্ট পরে ও প্ল্যাকার্ড হাতে আসেন নেতাকর্মীরা। দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলনে উজ্জীবিত নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলন চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১টা ২৮ মিনিটে তিনি বক্তৃতা শুরু করে দীর্ঘ ২২ মিনিটের বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনাসহ নেতাকর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কৃষিবিদ শামীমুল ইসলাম, জয়ন্ত কুণ্ডু, সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু প্রমুখ। বিকাল ৩টা থেকে শুরু হয় কাউন্সিল অধিবেশন। ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতি এবং শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকালে কাউন্সিল অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।