স্টাফ রিপোর্টারঃ বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১০টায় সিটি করপোরেশন হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরেই তিনি নগরীর ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, হকাররা যত বড় ক্ষমতাশালীই হোক। আমরা কাউকে ফুটপাত দখল করতে দেব না। ফুটপাত জনগণের চলাচলের জন্যই ব্যবহার হবে। অন্য কোনো কারণে নয়। ঈদের পর থেকেই শুরু হবে অভিযান। তিনি আরও বলেন, মাস বলছি না, আপনারা আমাকে দুই একটা সপ্তাহ সময় দেন। আল্লাহর রহমতে সবকিছু পরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। আর কয়েকটা দিন পরে ঈদ হবে। এজন্য আমরা একটু সুযোগ দিচ্ছি। আমরা চাইলে আজ থেকেই অ্যাকশনে যেতে পারি। কিন্তু ১ হাজার লোকের জন্য ১ লাখ মানুষকে কষ্ট দিতে চাই না। জনগণের সহজ চলাচল নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা প্রমুখ। এসময় সিটি করপোরেশনের বিভিন্ন কর্তকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
![]()
গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং সদর ও শাজাহানপুর উপজেলার সম্প্রসারিত ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা নিয়ে মোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এমআর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক ছাত্রদল নেতা ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।