জয়পুরহাট প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বিভিন্ন যুগান্তকারী উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটে গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস, জয়পুরহাটের আয়োজনে এবং জেলা প্রশাসন, জয়পুরহাটের সহযোগিতায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সরকারের মূল অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের কার্যকারিতা। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি ঋণ মওকুফ ও সহজ শর্তে ঋণ প্রাপ্তির ইতিবাচক প্রভাব।গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। নারীদের আত্মনির্ভরশীল ও যাতায়াত সহজতর করতে ‘নারীর জন্য গাড়ি’ প্রকল্পসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অগ্রগতি। ব্রিফিংয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত এই জনকল্যাণমুখী কর্মসূচিগুলো ইতিমধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এই উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষ পুরোপুরি ভোগ করতে পারে, সে বিষয়ে গণমাধ্যমকে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, জেলা তথ্য অফিসার ইব্রাহীম মোল্লা সুমন, জেলা পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক সালেকুল ইসলাম, জয়পুরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।