উত্তরকোণ

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউপি সদস্যকে মারধর, প্রাণনাশের হুমকি

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউপি সদস্যকে মারধর, প্রাণনাশের হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নয়ন প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানয় ইউপি সদস্য সরোয়ার হোসেনকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কা প্রকাশ করে নিজের নিরাপত্তা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন তিনি। প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার (২৬ অক্টোবর) ইউনিয়ন পরিষদে তাঁকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন। এ ঘটনায় গত মঙ্গলবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সরোয়ার হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতা। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার: