উত্তরকোণ

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকদ্রব্যের একটি মামলায় এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহান শাহ্। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখের ছেলে কায়েস ওরফে বুলু সেখ এবং একই মহল্লার মৃত লিটন সেখের স্ত্রী মমতা খাতুন। মমতা খাতুন সম্পর্কে বুলু সেখের চাচি শাশুড়ি। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ জুন মাহমুদপুর মহল্লায় বুলু সেখের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ১১২ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুলু সেখ ও মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আসামি শাহিন সেখ বিচার চলাকালে মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহান শাহ্।

শেয়ার: