স্টাফ রিপোটার: বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতেহ আলী সেতু , সড়ক ও জনপথ অধিদপ্তরের নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন এবং শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর এর ফলক উন্মোচন করেছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল ইসলাম এমপি। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন, দুপুরে বগুড়ার চারমাথা এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন এবং বিকালে শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর এর ফলক উন্মোচন করেন তিনি। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এতে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে। সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের চার উপজেলার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন :
সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য এতদিন রংপুরে ছুটতে হতো উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের। সেই ভোগান্তি কমাতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন। এতে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজ এখন বগুড়া থেকেই পরিচালিত হবে। নতুন এ সড়ক জোনের আওতায় পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। ফলে রংপুরে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সড়ক উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে সড়ক ভবনে বৃক্ষরোপন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজ:
সড়ক বিভাগ জানিয়েছে, শাকপালা পার্কের সীমানা প্রাচীর নির্মাণে প্রাথমিক ব্যয় ২ কোটি ৪০ লাখ টাকা হলেও দৃষ্টিনন্দন করতে পরবর্তীতে আরও বরাদ্দে সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, রংপুর জোনের মো. আমানুল্লাহ, রাজশাহী জোনের আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জোনের মো. সুরুজ মিয়া, সড়ক সার্কেলের মোহাম্মদ হামিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

