বগুড়াকে শিগগিরই সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। সোমবার (২০ অক্টোবর) বগুড়া পৌর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন হওয়ার যাবতীয় যোগ্যতা বগুড়ার রয়েছে। যে পৌরসভা ৫ কোটি টাকা ট্যাক্স আদায় করতে পারে, সেটি সিটি কর্পোরেশন হওয়ার যোগ্য। সেখানে বগুড়া পৌরসভা বছরে ৪০ কোটি টাকা ট্যাক্স আদায় করে থাকে। তিনি আরও বলেন, জনসংখ্যা, ঘনত্ব এবং অবকাঠামোগত উন্নয়নসহ সব দিক থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের মানদণ্ডে পৌঁছে গেছে। আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হবে বলে যোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস, এরশাদুল বারী এরশাদ, নগর পরিকল্পনাবিদ সহ পৌর কর্মকর্তাবৃন্দ। সহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
উত্তরকোণ
বিজয় দিবসের আগেই বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হবে-যুগ্ম সচিব

