উত্তরকোণ

রংপুরে বাস-ট্রাক-মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রংপুরে বাস-ট্রাক-মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রংপুর মহানগরীতে বাস, ট্রাক ও মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহানগরীর সাতমাথায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের চায়না সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘঠে। রংপুর মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাস প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে ট্রাকটি ধাক্কা দেয় মাহিন্দ্রাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। একজন কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সেলস প্রেজেন্টেটিভ (এসআর) রমজান আলী (২৯)। তিনি কুড়িগ্রামের উলিপুরের দারারপার এলাকার মফিজুল হকের ছেলে। অপরজন মোহাম্মদ শাহিন আলম সোহাগ (২৭)। তিনি কাউনিয়া উপজেলার শ্যামপুরের মঞ্জু মিয়ার ছেলে। এছাড়া আহত মিলন বর্মন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত রমজান আলীর সহকর্মী সোহেল রানা জানান, অফিসে মিটিংয়ের জন্য উলিপুর থেকে রংপুর আসছিলেন রমজান আলী।

শেয়ার: