মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হকসহ শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মতোই এ দিনটি জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, জুলাই শহিদদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। শহিদ পরিবারের সদস্যরা যেন কোনোভাবে অসম্মানিত বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার শহিদদের সন্তানদের লেখাপড়া, পরিবারের দেখভাল এবং প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থাও করবে বলে জানান তিনি। ভূমিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করছে এবং সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নেসকো বা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়-সবাইকে মিলে বাস্তবে দেশ গড়তে হবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হক, জুলাই শহিদ আলী রায়হানের পিতা মোঃ মুসলিম আলী এবং জুলাই শহিদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।
উত্তরকোণ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস
