মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিনের কবরস্থানের সংকট নিরসনে এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি বসুয়া গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কবরস্থানের জন্য সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, বসুয়া গ্রামে নিজস্ব কোনো কবরস্থান না থাকায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য রাজশাহী শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার কবরস্থানের ওপর নির্ভর করতে হয়। এতে শোকাহত পরিবারের সদস্যদের অতিরিক্ত দুর্ভোগ ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
পরিদর্শনকালে এলাকাবাসী দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান। তারা বলেন, নিজস্ব কবরস্থানের অভাবে প্রতিটি দাফনের সময়ই তাদের দূর-দূরান্তে যেতে হয়, যা অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ।
এ সময় আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে, যাতে ভবিষ্যতে বসুয়া গ্রামের মানুষ দাফন-কাফনের ক্ষেত্রে আর ভোগান্তির শিকার না হন। পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, আরডিএ চেয়ারম্যানের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বসুয়া গ্রামের দীর্ঘদিনের কবরস্থানের সংকটের স্থায়ী সমাধান হবে এবং দাফন-কাফন নিয়ে তাদের দুর্ভোগের অবসান ঘটবে।
উত্তরকোণ
পবার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
