মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি সংরক্ষণে রাজশাহীতে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। তিনি বলেন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও ড. শামসুজ্জোহার স্মৃতির আদলে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে গণ-অভ্যুত্থান-২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদ। ভূমিমন্ত্রী শহিদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর শহিদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৬৯ সালে ড. শামসুজ্জোহা যেমন শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও তরুণরা দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে। আহতদের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীন সরকারের সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এছাড়া যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন হবে, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শহিদ পরিবারের দীর্ঘমেয়াদি সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। কর্মসংস্থানপ্রত্যাশী শহিদ পরিবারের সদস্যদের সরকারি চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশপ্রেম, সহনশীলতা ও ইতিবাচক আচরণের ওপর গুরুত্বারোপ করেন ভূমিমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ইফতিখারুল আলম মাসউদ। রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম. রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল কাশেম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহাফুজুল হাসনাইন এবং রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিন রায়হান রবিন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান ভূমিমন্ত্রী।
উত্তরকোণ
রাজশাহীতে জুলাই শহিদদের স্মরণে বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ হবে: ভূমিমন্ত্রী
