বিএনপির ডাকা চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিন বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক ছিলো বিএনপি দখলে। বগুড়ার বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ রোববার সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী-লিচুতলায় বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী মহাসড়কে মিছিল ও সমাবেশ করে। এসময় জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বিএনপি নেতা তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান , শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি উপস্থিত ছিলেন।
অন্যদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া মাটিডালি বিমান মোড় এলাকা অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ ও মিছিল করে। এসময় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক , কে.এম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা শাহ মো: মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম শুভ উপস্থিত ছিলেন।
এছাড়া অবরোধের সমর্থনে ফণির মোড়ে জামায়াত ইসলামী লাঠি মিছিল বের করেন। সকাল ৭টা থেকে মিছিল বের করে তারা দেড় ঘণ্টা ধরে মহাসড়কে বিক্ষোভ করেন। এ ছাড়াও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সদর উপজেলার গোদারপাড়া এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করে।
বগুড়ায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে জামায়াতের নেতাকর্মীরা।
সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের চারমাথার অদূরে মহাসড়ক অবরোধ করেন তারা। সকালে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছেন অবরোধের সমর্থনকারীরা।
জনগণের যান-মালের নিরাপত্তায় ঢাকা-রংপুর মহাসড়কের বনানী মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, অবরোধে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মাঠে আছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।
মহাসড়কে ভারী যানবাহন নেই। পুলিশ পাহারায় পণ্যবাহী কিছু ট্রাক চলাচল করলেও দূর পাল্লার বাস বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল করছে। বগুড়া ঢাকা কোচ স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনালগুলোতে থেকে কোন বাস ছেড়ে যায়নি। শুধু দূরপাল্লাই নয়, জেলা ও আন্তঃজেলা বাস মিনিবাসও চলনি।