আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে হত্যা-ক্যু-ষড়যন্ত্র-চক্রান্ত-দুর্নীতি-দুর্বৃত্তায়ন-সন্ত্রাস-জঙ্গিবাদের প্রধানতম পৃষ্ঠপোষক বিএনপি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাদের দুরভিসন্ধিমূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাতেই তার এই বিবৃতি। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা তাদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা অন্তরে ১৫ আগস্টের নির্মম-নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ আগস্টের বর্বরতা ও পৈচাশিকতাকে ধারণ করে। ঐতিহাসিকভাবেই বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ এবং জঙ্গি-সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতিকে লালন করে আসছে।’ তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধের প্রতি দায় সমান্তরালভাবে এগিয়ে চলে। বিএনপি গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধকে কখনো হৃদয়ে ধারণ এবং রাজনৈতিক কার্যক্রমে তা চর্চা করে না। তারা কখনোই প্রথাসিদ্ধ গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা পালন করেনি। বিএনপির জন্মই হয়েছে সংবিধান লঙ্ঘন করে বন্দুকের নলের মুখে অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতা দখলের মধ্য দিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর থেকে গণতন্ত্র, মানবিক মুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পথে এদেশের মুক্তিকামী মানুষকে যে সকল সঙ্কটের সম্মুখিন হতে হয়েছে বিএনপিই সে সকল সঙ্কটের প্রেক্ষাপট সৃষ্টি করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বিশ্বের সকল গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষ ও রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র সংবিধানে পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হলো ‘সকলের সাথে বন্ধুত্ব – কারো সাথে বৈরিতা নয়।’ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই নীতির যে কোনো বিকল্প নেই, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, সাম্রাজ্যবাদবিরোধী জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম মুখপাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বিকশিত আওয়ামী লীগ সর্বদা জনগণের সার্বভৌম ক্ষমতা ও গণতান্ত্রিক অধিকারের অতন্দ্র প্রহরী।
সূত্র : বাসস