মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান (পিএএ)। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ মহাদেবপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মহাদেবপুর উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এ সময় তিনি সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে পর্যটন শিল্প ও কৃষি ভিত্তিক শিল্প স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।