মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবিব। এ সময় জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আল. মতিন, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন এবং সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও আবুল কালাম আজাদ সুইটসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ বিবেচনা করেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ এবং সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
নবনিযুক্ত প্রশাসক জানান, তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, খাল খনন এবং মনিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেবেন। পাশাপাশি জেলা পরিষদের আওতাধীন অন্যান্য উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।