পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার সকালে শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডিতে দুই শতাধিক ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বাস, মিনি বাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফানের সার্বিক ব্যবস্থাপনায় উপহারস্বরূপ এই সামগ্রীগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেন ফল আমদানি ও রপ্তানিকারক আলহাজ্ব মুনসুর আলম। বিতরণকালে তিনি বলেন, পবিত্র মাহে রমজান ত্যাগ এবং ন্যায়ের মাস। সিয়াম সাধনার এই মাসের শেষে আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে ফল ব্যবসায়ী সমিতি প্রতিবছর এমন মানবিক উদ্যোগ নিয়ে থাকেন যা অবশ্যই শ্রমিক ও মালিকদের মাঝে এক ভালোবাসার বন্ধনের বহি:প্রকাশ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু। আয়োজন প্রসঙ্গে ফল ব্যবসায়ী সমিতির নেতা শফিকুল ইসলাম আরফান বলেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তারা প্রথম সারির ব্যবসায়ীরা যেমন বঞ্চিত ছিলেন একইভাবে ক্ষুদ্র ফল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিকরাও তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে তারেক রহমানের মানবিক এই বাংলাদেশে তারা মালিক শ্রমিক সম্পর্কের সেতুবন্ধনে নানামুখী ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন।