সার ডিলার ২০২৫ সমন্বিত নীতিমালা সরকারী গেজেট মোতাবেক বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় বি.এ.ডি.সি বীজ ও সার ডিলার এসোসিয়েশন বগুড়া জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বি.এ.ডি.সি বীজ ও সার ডিলার এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির আহ্বাযক মাফতুন আহম্মেদ, সদস্য সচিব নুর মোঃ বাবু, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী বকুল, আবু আফছার, ফোরকান আলী, আব্দুল হাই সিদ্দিকী রনী, জুলফিকার রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির মুল চালিকাশক্তি কৃষি। কৃষি ফসল উৎপাদনে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। রাসায়নিক সার ব্যতিত কোন ফসল উৎপাদন সম্ভব নয়। কৃষকের দোরগোড়ায় ন্যায্য মূল্যে সার পৌছে দেয়ার লক্ষে অন্তরবর্তীকালীন সরকার কর্তৃক সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনক্রমে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমান্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন করা হয়। কৃষি ও কৃষকের স্বার্থে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।