আসাদুজ্জামান টিটু, রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৮ রমজান) বিকেলে বেতগাড়ী আইডিয়াল স্কুল ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেতগাড়ী ইউনিয়ন জামায়াতের আমির মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি জননেতা মো: রায়হান সিরাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলার সাবেক আমির ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ শফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বর্তমান আমির ও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নায়েবুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে মো: রায়হান সিরাজী রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।