শাজাহানপুর প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে রমজানের পবিত্রতা ও স্নিগ্ধ আভায় মুখর হয়ে উঠেছে শহরটি। জনপ্রিয় নিউজ পোর্টাল সংবাদ বুলেটিন পরিবারের উদ্যোগে এবং শাজাহানপুরের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত রিয়েলিটি শো কুরআনের ছায়াতলে শীর্ষক ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড এর হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান সংবাদ বুলেটিনের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন এবং সম্পাদক নজরুল ইসলাম মিলন। এ আন্তরিক স্বাগত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহ আরও বাড়িয়ে তোলে। আয়োজকের পক্ষ থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের, এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড এর সিইও আব্দুর রাজ্জাক, হেড অফ এস,আর মোশারফ হোসেন, সংবাদ বুলেটিনের এডমিন চিফ তৌফিক এলাহী, মাল্টিমিডিয়া চিফ আব্দুল কাইয়ুম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে। বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে বিচারকদের মন জয় করার চেষ্টা করেন। উচ্চারণ, তাজবিদ, সুর ও উপস্থাপনার ভিত্তিতে তাদের দক্ষতা যাচাই করা হয়। বিচারকের দায়িত্বে ছিলেন দুবলাগাড়ীাবে মদিনা নূরানী মাদ্রাসার পরিচালক মোঃ রেজওয়ান হোসাইন খাঁন এবং বগুড়া লতিফপুর আল হাসনা বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা খাদেমুল ইসলাম।
উপস্থিত অতিথিরা বলেন, এই প্রতিযোগিতা কেবল প্রতিভা যাচাই নয়, বরং নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করার একটি মহৎ উদ্যোগ। অনুষ্ঠানটি ধর্মীয় মূল্যবোধ চর্চা ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আয়োজকরা জানান, বাছাই পর্ব শেষে নির্বাচিত ১৮ জন প্রতিযোগী মূল পর্বে অংশগ্রহণ করবেন, যেখানে সেরাদের সেরা নির্বাচিত করা হবে। রমজানের পবিত্র পরিবেশে এই ধরনের আয়োজন স্থানীয় জনগণের কাছে অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে।