উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ফার্স নিউজ অ্যাজেন্সির খবরে একথা বলা হয়েছে। শনিবার সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতর। তবে এসব হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কাতারের রাজধানী দোহায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিবিসি আরবি সার্ভিস জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বা ইন্টারসেপ্ট করার সময় এই শব্দ শোনা গেছে। আগেই আভাস বা সতর্কতা দেয়া হয়েছিল যে, ইরানে এবার হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সেই যুদ্ধ। কিন্তু পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় রেখে আড়ালে এই যুদ্ধের ম্যাপ সাজিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ। ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের যেসব দেশে বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। তবে সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে টার্গেট করেছে ইরান। বাহরাইন নিশ্চিত করেছে যে, সেখানে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ৫ম ফ্লিটের হেডকোয়ার্টারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা বচ্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এর আগে ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সূত্র : বিবিসি