রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও দুঃস্থ ৫টি পরিবার এবং ১টি মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফের (জিআর) টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এরপর পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার ফেব্রুয়ারি মাসের আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে শেখ মো: রেজাউল ইসলাম রেজু অংশগ্রহণ করেন। প্রধান অতিথি রাণীনগর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণের সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, থানার ওসি, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথি। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন।