ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। আজ মঙ্গলবার এ দুটি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। নির্বাচন কমিশনের অনুমোদনের পর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯টি আসনের নির্বাচনে ভোটগ্রহণ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। এছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়। এখন কমিশন এই দুটো আসনের উপ-নির্বাচন ৯ এপ্রিল করবে। এ দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।’তবে এই দুই আসনে পোস্টাল ভোট থাকলেও ভোটার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র শেরপুর-৩ আসনে গণভোট হবে না বলে জানান তিনি। ইসি সচিব জানান, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ ধার্য করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের ভোট বাতিল হয়। এখন নতুন করে তফসিল ঘোষণা করলেও যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনে গণভোটও অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোটের জয় হয়েছে, তাই শেরপুর-৩ আসনে গণভোটের আর প্রয়োজন হচ্ছে না।