আসাদুজ্জামান টিটু,রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন দিনভর নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন। রবিবার সকালে তিনি প্রচারণার অংশ হিসেবে ৫নং ছাওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাওটানা বাজার ও ব্রাহ্মণীকুন্ডা বাজারে গণসংযোগ করেন। এরপর তিনি ৯নং কান্দি ইউনিয়নের ৪নং ও ৮নং ওয়ার্ডের কান্দির হাট, তালের হাট এবং ১নং কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ বাজারে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও পথসভা করেন।দিনের শেষ ভাগে কদমতলা বাজার হয়ে দেউতি বাজার হয়ে হাউদারপড় বাজারে পৌঁছালে সেখানে এক বিশাল জনসমাগম তৈরি হয়। পথসভাগুলোতে আখতার হোসেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতেই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।