আসাদুজ্জামান টিটু,রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-০৩ (সদর) আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য পদপ্রার্থী জি এম কাদের। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে (৬ ফেব্রুয়ারি) মহানগরীর ৩ নং এমপি গেট এবং চেকপোস্ট এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় করেন তিনি।গণসংযোগকালে জি এম কাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, রংপুর সবসময়ই জাতীয় পার্টির দুর্গ। উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে লাঙ্গল প্রতীকের বিকল্প নেই।নির্বাচনী এই জনসংযোগে জি এম কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর সভাপতি,সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু এবং যুগ্ম মহাসচিব ও জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম এবং জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী। স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে ১৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ইসমাইল এবং রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই গণসংযোগে অংশ নেন।জাপা চেয়ারম্যানের এই সরাসরি জনসংযোগকে কেন্দ্র করে চেকপোস্ট ও ৩নং এমপি গেট এলাকায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।