মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর রাওথা পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র জব্দ করেছে বিজিবি সদস্যরা। অস্ত্র পরিবহনের সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে মোটরসাইকেলে রাখা অস্ত্র-গুলিসহ মালামাল ফেলে যায়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নদীপথ দিয়ে অস্ত্রের একটি চালান বাস্কেট সার্ভিসে লুকিয়ে সীমান্তের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির নিয়োজিত সকল বিওপি এবং বিশেষ অভিযানের সদস্যরা কৌশলগতভাবে নির্দিষ্ট স্থানে এ্যাম্বুশ অবস্থান নেয়। পরে বাঘা থানাধীন রাওথা পিরোজপুর এলাকায় একটি সন্দেহভাজন মোটরসাইকেল দ্রুতগতিতে যেতে দেখলে সদস্যরা গতিরোধের চেষ্টা করেন। ওই সময় চালক মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাভারের দুই পাশে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেন। এর আগে, ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছিল।
শুক্রবার বেলা ১১টায় রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ দায়িত্বরত এলাকায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজশাহী জেলায় মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮টি প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিট, পদ্মা নদীতে ৭টি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ প্রতিটি বিওপিতে স্ট্রাইকিং রিজার্ভ সহ মোট প্রায় ৭০০ সদস্য মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী ৩টি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে, এজন্য নিরাপত্তা ব্যবস্থা শুষ্ক ও স্থল সীমান্ত জুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।