বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ইশতেহার বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে। এমন আশায় আজ সমগ্র জাতি উন্মুখ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির ইশতেহার অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বহু ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে দেশ আজ একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজকের এই আন্দোলন-সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি আরো স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশে সত্যিকার অর্থে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন। তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তরুণ, সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে তারেক রহমান আসন্ন নির্বাচনের জন্য দলের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন। তিনি বলেন, বর্তমান জটিল ভূরাজনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসছেন। তার নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে—এমন আশায় আজ সমগ্র জাতি উন্মুখ। শেষে মির্জা ফখরুল দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই এই নব নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে নতুন ইতিহাস রচনা করি।