আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “আগামী নির্বাচন দেশের অনেক কিছুর গতিপথ নির্ধারণ করে দেবে এবং অনেক নতুন খবরের সূচনা করবে।”গতকাল মঙ্গলবার রংপুরের ঐতিহাসিক নবাবগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে জিএম কাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, অতীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌজন্যবোধ ও সহনশীলতা ছিল, তা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাথে দেশের মানুষের সম্পর্ক অত্যন্ত ক্ষীণ। এই সরকার জনস্বার্থের চেয়ে বাইরের শক্তির উস্কানিতে পরিচালিত হচ্ছে, যা স্বাধীনতার পরিবর্তে পরোক্ষভাবে গোলামির নামান্তর।নির্বাচনী প্রচারণায় তিনি আরও বলেন, দেশে বর্তমানে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে যেখানে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে আর নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “লাঙ্গল প্রতীকের বিজয়ই পারে দেশে সুশাসন ও রাজনৈতিক শিষ্টাচার ফিরিয়ে আনতে।”নবাবগঞ্জ বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে জিএম কাদের পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা,প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহবায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম ও হাসানুজ্জামান নাজিম। অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী, মহানগর যুব সংহতির আহবায়ক ইউসুফ আহমেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা হিরা, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, সদস্য সচিব মোজাহারুল ইসলাম মন্টু, জেলা শ্রমিক পার্টির সভাপতি তোফা, জেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আশিক আলী, আব্দুল মুহিদ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সদস্য রমজান আলী,রংপুর জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আলমগীর হোসেন জসিম, সাধারণ সম্পাদক এম.জি.আর বিলাস এবং জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মুহিন সরকার প্রমুখ।গণসংযোগ চলাকালীন পুরো বাজার এলাকা ‘লাঙ্গল’ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।