সকলের দোয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ‘আপনারা কোনো গুজবে কান দেবেন না।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ম্যাডাম এই যাত্রায় আপনাদের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন।’ এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানান। চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা এখনো সঙ্কটাপন্ন। তবে তিনি এখনো চিকিৎসা গ্রহণ করতে পারছেন।’