1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

আমরা ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে: তারেক রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিগত ১৫/১৬ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচার দেশটাকে কোথায় নিয়ে গেছে তা আপনারা জানেন। আমাদের নেতাকর্মীরা হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। ২০০৮ সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে, ওয়ান ইলেভেনের মাধ্যমে দেশে স্বৈরাচার জেঁকে বসেছিল। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে।’ তিনি বলেন, ‘একটি কথা- সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের শুরু, এটাই আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ।’ শনিবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চ্যুয়ালি এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তারেক রহমান আরও বলেন, ‘হাতকড়া পরা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, জেলের ভেতরে মারা গিয়েছে। হাজারও নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আজ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন হচ্ছে- সামনে দেশ গঠন, দেশকে পুনর্গঠন। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়তে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, ‘আজকে এই সম্মেলনে একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে- সেটি হচ্ছে ঐক্য, সেটি হচ্ছে জনগণ এবং সেটি হচ্ছে দেশ পুনর্গঠন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই দেশটা হচ্ছে আপনার আমার সকলের ঘর। এই ঘরে ডাকাত পড়েছিল গত ১৫/১৬ বছর যাবত। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই দেশকে আমাদের গঠন করতে হবে।’ সম্মেলনের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এই দেশ থেকে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ ঋণ হয়েছে সেই টাকা দিয়ে ৪০টি পদ্মাসেতু নির্মাণ করা যেত। ব্যাংকিং সেক্টর পাঁচ লাখ কোটি খেলাপি ঋণে জর্জরিত। এই আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস। জুলাই অভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে, ২০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। এ বিষয়টি আমরা যেন ভুলে না যাই। আমরা এখনও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। সংস্কারের সংগ্রাম, বিচারের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। এই দেশের মানুষকে নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছে। প্রত্যেকটি অপরাধের বিচার হবে। কিন্তু এটি দীর্ঘ প্রক্রিয়া। যার জন্য নির্বাচন প্রলম্বিত হতে পারে না।’ তিনি বলেন, ‘আজকে যারা সংস্কারের কথা বলে, তারা কি জানে- ভিশন ২০৩০ এর কথা, ৩১ দফার কথা? বাংলাদেশের রাজনীতিতে এক মহাকাব্যের নাম ৩১ দফা। দেশের কোনো ব্যক্তি ৩১ দফার পরও গ্রহণযোগ্য কিছু বলেন, আমরা তা গ্রহণ করব। বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। ইসলাম কোনো রাজনীতির কোটা নয়, রাজনীতি দিয়ে ইসলামকে নিয়ে আসবে, তাদের ভোটের মধ্যে প্রতিহত করবেন। তারা নাকি জান্নাতের টিকিট দেবে, নাউজুবিল্লাহ। একাত্তরের চেতনাও টেকেনি।’ সালাউদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি, তাদের সমাপ্তিও হবে সেখানে। তার বিচার শুরু হয়েছে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। আমরা সবাই জুলাই যোদ্ধা। তবে জুলাইয়ের চেতনাও কেউ যেন বিক্রি না করি।’ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মনিরুল হক চৌধুরী ও আমিন উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। দীর্ঘ ১৬ বছর পর শনিবার অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলনে একাধিক প্রার্থী না থাকায় বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies