২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে ‘বড় গেম খেলতে’ ২০২২ সালের এপ্রিলে ভারত থেকে দেশে আনা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। কঠোর গোপনীয়তার সঙ্গে তাকে রাখা হয় আয়নাঘরে। কিন্তু নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তৎকালীন সরকারের সেই পরিকল্পনা বাস্তাবায়ন হয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন সুব্রত বাইন। এছাড়া আরও অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তিনি। সব তথ্যই যাচাই করা হচ্ছে। একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ২০২৪ সালের নির্বাচনকে ঘিরে ‘বড় গেম খেলার’ পরিকল্পনা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের। কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ না করায় সেই খেলার প্রয়োজন হয়নি। তারপর তাকে রাখা হয় আয়নাঘরে। সুব্রতকে নিয়ে তৎকালীন সরকারের নির্বাচনকেন্দ্রিক কী পরিকল্পনা ছিল জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সুব্রতকে বলা হয়, নির্বাচনের ডামাডোলের সময় একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করতে হবে। বলতে হবে, আমি দেশে আছি। বিএনপি আমাকে নিয়ে এসেছে। আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা করতে হবে। এ সংক্রান্ত বক্তব্যের অডিও ও ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পরে তাকে গ্রেফতার করে বিএনপির ওপর দোষ চাপানো হতো।