সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। প্রশাসনের আধা বেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস ক্লাস–পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদলও। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা আজ কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার ও সব প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তাঁরা। শাহরিয়ার হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নেতা–কর্মীরা শাহরিয়ার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। শাহরিয়ার হত্যার ঘটনায় গতকাল বুধবারও ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। এসব কর্মসূচি থেকে শাহরিয়ারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে। অন্যদিকে ঘটনা তদন্তে গতকাল সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।