মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের দুই মাস অর্থাৎ মার্চ ও এপ্রিল তেলের দাম ছিল অপরিবর্তিত।