‘সুবিচার নিশ্চিতের পর আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপিও আওয়ামী লীগের বিচার চায় জানিয়ে রিজভী বলেন, ‘সুবিচার নিশ্চিত করতে হবে, এটার জন্যই লড়াই সংগ্রাম। শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি চাই না। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগ যদি জনগণের কাছে ক্ষমা চায়, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।’ জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘কার নির্দেশে ডিসি, এসি, ওসিরা খুন-হত্যা করেছে, আমরা কী জানি না? জানি। দুই হাজার মানুষ, শিক্ষার্থী হত্যার বিচার করতে হবে।’ রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পুরানো দল, সেই দলের অপরাধীদের বিচার হলে তারপর জনগণের কাছে যদি যায়, আর জনগণ তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নেই। যারা আওয়ামী লীগের নেতৃত্বে আসবে তারা যদি ছাত্র হত্যা, লুটপাট, খুন না করে, এমন লোক যদি নেতৃত্বে আসে তাহলে সে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এটা আমার বক্তব্য।’ এসময় উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছেন। কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কারের কিছু দেখা যায়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও স্বৈরাচার মুক্ত হয়নি।’ তিনি আরো বলেন, ‘এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’