ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার (২৫ জুন) এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য কৃতি সাংবাদিকদের সম্মাননা’ শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
নজরুল ইসলাম খান বলেন, ‘সত্য কথা বললেই আজ শত্রুর মতো আচরণ করা হচ্ছে। কিন্তু সরকার আমাদের শত্রু নয়, তারা আমাদের প্রতিপক্ষ। যদি কোনো কথা যুক্তিসঙ্গত হয় তাহলে সেটা মানতে হবে। এই ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।’
তিনি বলেন, ‘দেশে এখন স্বৈরশাসন চলছে। কিন্তু এর মধ্যে যখন দাবি করা হয় যে আমরা জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনা করছি, তা অধিক শোকে পাথর হওয়ার মতো কথা।’
তিনি আরো বলেন, দেশে এখন সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।
‘অর্থমন্ত্রী বলছেন টাকা পাচাকারীদের আপনারা ধরিয়ে দিন। তাহলে তাদের কাজ কি?’ প্রশ্ন রাখেন নজরুল ইসলাম খান।
তিনি আরো বলেন, ‘দেশের এমন কোনো জেলখানা নেই যেখানে আমাদের কর্মী নেই, এমন কোনো গোরস্থান নেই যেখানে আমাদের কর্মী নেই। আমরা বলতে চাই, নির্বাচনের সময় যে যা প্রতিশ্রুতি দেবে, সেটা যদি পালন করা না হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, কবি হাই শিকদার, কাদের গনি চৌধুরী, খোরশেদ আলম প্রমুখ। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।