আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দেশকে সংকট থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। বৃহস্পতিবার (১ জুন) সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের দিকে তাকান। কোনো দেশই এত ভালো নয়। ইউরোপ, আমেরিকা… এমনকি আমাদের প্রতিবেশীদের দিকেও তাকান, তারা কি ভালো করছে? আমরা তুলনামূলকভাবে ভালো আছি।’
ওবায়দুল কাদের আরো বলেন, এই বাজেটও ‘জনবান্ধব’ বাজেট। তিনি আরো বলেন, জনদুর্ভোগ কমানোর জন্য বাজেট তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি জনবান্ধব বাজেট। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই বাজেট করা হয়েছে।’ ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১ জুন) তিনি জাতীয় সংসদে বাজেট পেশ করেন। এ অর্থমন্ত্রীর টানা পঞ্চম এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট এটি।
বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারের সাথে মিল রেখে একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে দেশকে চালিত করতে এবং ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে বাজেটে।
সূত্র : ইউএনবি