দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ার তালোড়ায় মুক্তাগাছা সমাজসেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ডিসেম্বর সোমবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিলের পরিচালনায় এ খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য তছলিম উদ্দিন আকন্দ, আ’লীগ নেতা এম.কে.এইচ তরফদার খোকন, প্রাক্তন শিক্ষক সেরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর সাবু প্রাং প্রমুখ। দ্বিতীয় এ সেমি ফাইনাল খেলায় বগুড়া উপশহর মধ্যপাড়া ফ্রেন্ডস ক্লাব ৩-০ গোলে দুপচাঁচিয়ার নলঘড়িয়া শেখ রাসেল স্মৃতি সংসদকে হারিয়ে জয়ী হয়। খেলা পরিচালনা করেন রাকিব কবির। তাকে সহযোগিতা করেন রাকিব হোসেন ও আনারুল কবির। এসময় সমিতির সদস্যগণ সহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন।