আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাক, সেটা বিএনপি-জামায়াত চায় না। তারা সবসময় ষড়যন্ত্র করে। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল বলে তারা কোনো ষড়যন্ত্র করে ঠিক থাকতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেই উন্নয়ন হচ্ছে। উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা থাকা প্রয়োজন।
শনিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, দুর্নীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সুসংগঠিত ও শক্তিশালী একটি রাজনৈতিক দল।
তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই দণ্ডপ্রাপ্ত। আইন অনুযায়ী দুজনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ফলে জনবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিপক্ষের সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবে।
ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধতার প্রতীক। ঐক্যের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেননি।
সেতুমন্ত্রী বলেন, ত্যাগী নেতারা আওয়ামী লীগের আস্থার ঠিকানা। দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু। ত্যাগী নেতাদের আর কোণঠাসা করে রাখা যাবে না। তাদের স্থান দিতে হবে।
প্রায় সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হওয়া নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও পীরজাদা মোহাম্দ আলীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।