স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পর তা ধরে রেখে অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘১৩ বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আরও সামনে এগিয়ে গিয়ে একদিন আমরা উন্নত দেশে পরিণত হব।’ সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশকে এখন আর কেউ করুণার চোখে দেখে না, সম্মানের চোখে দেখে। অন্তত এইটুকু পরিবর্তন আমরা গত ১৩ বছরে করতে সক্ষম হয়েছি। এই মর্যাদা ধরে রেখে আগামীতেও সামনে এগিয়ে যেতে হবে।; শেখ হাসিনা আজ সকালে অনুষ্ঠিত ‘জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সভার প্রারম্ভিক ভাষণে এ কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বজন হারাবার বেদনা নিয়ে একটা লক্ষ্য স্থির করেই পথ চলেছি, যে আদর্শ নিয়ে জাতির পিতা এ দেশ স্বাধীন করেছেন সেই আদর্শকে আমাদের বাস্তবায়ন করতে হবে, করতেই হবে।’ তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনে আর্থ-সামাজিক উন্নতি নিশ্চিত করা, তাদের জীবনকে উন্নত করা, জীবন যেন সুন্দর হয়, সম্মানজনক হয়, বিশ্বের বুকে বাঙালি যাতে মাথা উঁচু করে চলতে পারে এটাই আমার একমাত্র লক্ষ্য। আর এটাই জাতির পিতা সব সময় চাইতেন, বলতেন। সে স্বপ্নটা অধরা থাক তা আমি চাই না ‘ শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই তার সরকার সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সে ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনা মহামারিতে সমগ্র বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তার মধ্যেও তার সরকার অর্থনীতির চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছে। স্বাধীনতা আন্দোলনে ঐতিহাসিক মার্চ মাসের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, মার্চ আমাদের স্বাধীনতার মাস এই মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন;যিনি আমাদের স্বাধীনতার পাশাপাশি স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা এনে দিয়েছেন। এই মাসের ৭ মার্চ জাতির পিতা যে ভাষণ দিয়েছেন তা আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। আর ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। একাত্তরের অসহযোগ আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, অগ্নিঝরা এই মার্চের প্রতিটি দিনই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।